চুয়াডাঙ্গার দর্শনায় জিনিয়া (১৭) খাতুন নামে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাওন নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত জিনিয়া সীমান্তবর্তী জয়গনর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জিনিয়ার বাবা জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দর্শনা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা দর্শনা মোবারকপাড়ার শাওন ও তার ২-৩ জন সহযোগী অস্ত্রের মুখে মোটরসাইকেলে করে তার মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই তিনি বাদী হয়ে শাওনের নাম উল্লেখ করে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তার মেয়ে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল শাওন। বিষয়টি শাওনের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কী কারণে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার দিনই ছাত্রীর বাবা জসিম উদ্দিন শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
