বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর মাগুরা পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সন্তোষ কর্মকার। তাঁর এই যোগদানকে ঘিরে জেলার কৃষি, নদী তীর সংরক্ষণ ও সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যোগদানের পরপরই দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্টজনরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কর্মস্থলে প্রথম দিন থেকেই তিনি জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নদী-খালের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন দক্ষ, নিষ্ঠাবান ও কর্মতৎপর প্রকৌশলী হিসেবে সন্তোষ কর্মকারের বেশ সুনাম রয়েছে। মাগুরার মতো কৃষিপ্রধান জেলায় বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে জেলার চলমান ও আসন্ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন,
”মাগুরাবাসীর কল্যাণে এবং জেলার কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। নদী তীর সংরক্ষণ, খাল পুনঃখনন এবং ক্ষতিগ্রস্ত পানি নিয়ন্ত্রণ অবকাঠামোগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের ভোগান্তি দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”
এদিকে, নতুন নির্বাহী প্রকৌশলীর যোগদানের খবরে জেলার কৃষক ও সচেতন মহলের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। তাঁদের প্রত্যাশা, নবনিযুক্ত এই কর্মকর্তার হাত ধরে মাগুরার মৃতপ্রায় খালগুলো প্রাণ ফিরে পাবে এবং জেলার পানি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা হবে।
