ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসায় বুধবার (২৫ নভেম্বর) সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তুহিনুর রহমান (৩৩), মো. শাহীন আলম (২৪), মো. সৈয়দ নাজমুল (৩৮) এবং মো. নাসিম হাসান ওরিসন (২৪)।
ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, তুহিনুর রহমান, মো. শাহীন আলম ও মো. সৈয়দ নাজমুলকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া মো. নাসিম হাসান ওরিসনকে চার মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাদের ডোপ টেস্ট করা হলে সবার ফলাফলই পজিটিভ আসে। এরপর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন। সাজা প্রদানের পর চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
