চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন এলাকায় এক হৃদয়বিদারক অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিকটিম শিশু সিয়ামকে (০৮) সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পিতা ও তার সহযোগীসহ মোট ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ভিকটিম সিয়ামের পিতা তার এক সহযোগীকে সাথে নিয়ে ১৭ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫ টা৩০ মিনিটে শিশুটিকে অপহরণ করে। পরবর্তীতে শিশুটিকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের নিকট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত অর্থ প্রদান না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে ভিকটিম উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে, একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমের পিতা মোঃ আজিজুল (২৮), পিং- মৃত আব্দুর রহমান, সাং- মোড়াকাটি, থানা- কালোরোয়া, জেলা- সাতক্ষীরা এবং তার সহযোগী মোঃ আক্তার (২৬), পিং- মৃত আব্দুল মজিদ, সাং- দক্ষিণপাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয় এবং ভিকটিম সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশে দেওয়া ১০,৩০০/- টাকার মধ্যে ৭,০০০/- টাকা ও ধারালো হাসুয়া উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের মা প্রবাসে (ভারত) অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ভিকটিমকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের নিকট অর্থ আদায়ের উদ্দেশ্যে এ নৃশংস ও ঘৃণ্য কর্মকাণ্ড সংঘটিত হয়।
এ ঘটনায় ভিকটিম শিশুর পিতা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
