দুর্গম পার্বত্য অঞ্চলে নিয়োজিত সেনাসদস্যদের মনোবল বাড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নিতে আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজয়ন পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরের অংশ হিসেবে তিনি খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বাঘাইহাট জোন সেনা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান বাঘাইহাট জোনে মোতায়েনরত সব স্তরের সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বর্তমান দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যরা যে নিষ্ঠা ও আন্তরিকতা প্রদর্শন করে চলেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তায় সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সজাগ দৃষ্টি ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
উক্ত পরিদর্শনকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
