সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম। ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামত এবং স্থানীয় গণমানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি এই প্রার্থিতার কথা জানান।
সম্প্রতি এক সংবাদ বার্তায় তিনি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
বার্তায় মোঃ ফখরুল ইসলাম বলেন, “সোশ্যাল মিডিয়া ও মুঠোফোনে দেশে এবং প্রবাসে থাকা রানীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন, তাতে আমি গভীর কৃতজ্ঞ। আপনাদের এই বিপুল সাড়াই নির্বাচনে লড়ার ক্ষেত্রে আমার মূল সাহস ও ভিত্তি মজবুত করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় কোনো ভুলত্রুটি হলে তা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। একই সাথে জনগণের রায়ে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে ৬নং রানীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম রানীগঞ্জ ইউনিয়নের অপাসাধু (গন্ধর্ব্বপুর) গ্রামের বাসিন্দা। তার এই প্রার্থিতার ঘোষণায় ইউনিয়নজুড়ে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
