ঢাকাFriday , 3 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দীর্ঘদিনের অবহেলার অবসান: খাল পুনঃখনন ও বৃক্ষরোপণে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন

Link Copied!

27

দীর্ঘদিনের অবহেলায় পলি জমে মৃতপ্রায় হয়ে পড়া ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল–বাকসন খাল আজ ফিরে পেয়েছে নতুন জীবন। সেই পুনর্জাগরণের ধারাবাহিকতায় খালের দুই পাড়জুড়ে শুরু হলো সবুজের নতুন অভিযাত্রা। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুনঃখননকৃত বড়াইল–বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিমন্ত্রী খালের দুই তীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি টেকসই সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একসময় পলি জমে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে পড়া বড়াইল–বাকসন খালটি পুনঃখননের মাধ্যমে ফিরে পেয়েছে তার স্বাভাবিক প্রবাহ। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হয়েছে, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন, পরিবেশের ভারসাম্য এবং স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। সেই অর্জনকে আরও স্থায়ী ও পরিবেশবান্ধব করতে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ খালের উভয় তীরজুড়ে কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয়।

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে কর্মসূচিস্থলে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাও সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যেই খাল পুনঃখননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর বগুড়া নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়নকে জাতীয় উন্নয়নের ধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।