চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১ জুলাই বিকেল ৪টা ৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে বড় বোয়ালিয়া বাবুপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালান।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ার মৃত সুন্নত আলী মণ্ডলের ছেলে মো. সাগর আহম্মেদ (৪৩) এবং ভাংবাড়ীয়া মোল্লাপাড়ার মো. মজিবর রহমানের ছেলে মো. লিপন আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এ ঘটনায় আরও দুইজন সহযোগীসহ অজ্ঞাতনামা ২-৩ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
