চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানী সাজেদা খাতুন।
রোববার (২৮ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশভাটা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ নিতে শিশুটিকে নিয়ে তার মা ও নানী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর তারা ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকার সামনে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তার নানী সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
