ঢাকাবুধবার , 25 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: তাজুদুর রহমান:
নভেম্বর 25, 2026 6:46 অপরাহ্ন
Link Copied!

13

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং সহকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সভা সঞ্চালনা করেন মোঃ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, শ্রীমঙ্গল।

সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয়, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত এবং সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ, রাঙ্গামাটি সহ দেশের মোট ৫ টি জেলার মোট ২৩০ টি কেন্দ্রে একযোগে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় মোট ১৩৫ টি কেন্দ্র রয়েছে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি বাগান ও পঞ্চায়েতের অধীনে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রের পরিবেশ, সার্বিক নিরাপত্তা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনের মাধ্যমে চা শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে এবং পঞ্চায়েত কমিটি, প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। চা শ্রমিকদের অধিকার, স্বার্থ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রার্থী, ভোটার, চা-বাগান কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। উল্লিখিত নির্বাচনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং প্রযোজ্য ক্ষেত্রে বিজিবি দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এসময় ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।