মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ‘শামস্ ফুড’ নামক একটি বেকারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর ) জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পণ্য উৎপাদনের আগেই আগাম তারিখ উল্লেখ করে মেয়াদোত্তীর্ণের স্টিকার প্রস্তুত রাখার বিষয়টি নজরে আসে। কারখানার শ্রমিকদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রেও গুরুতর ঘাটতি পরিলক্ষিত হয়। খাদ্যপণ্য উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তাবিধি অনুসরণ করা হচ্ছিল না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন। এ সময় পুলিশের একটি দল অভিযান পরিচালনায় নিরাপত্তার দায়িত্ব পালন করে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
