আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. আশিকুল ইসলাম। তরুণ এই নেতার নির্বাচনী প্রস্তুতি ও জনসংযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
রাঢ়ীখাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিকুল ইসলাম সরকারি কবি নজরুল কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ব্যবসার সাথে যুক্ত আছেন। ছাত্রজীবন থেকেই প্রতিবাদী হিসেবে পরিচিত আশিকুল ২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজপথে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা রেখে ব্যাপক পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সিগঞ্জ জেলা কমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলা কমিটির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে সাংগঠনিক তৎপরতা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। রাঢ়ীখাল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত যাতায়াত, নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। তার এই মাঠকেন্দ্রিক রাজনীতি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আশিকুল ইসলামের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভালো অবস্থানে রেখেছে। অন্যদিকে, সাধারণ ভোটারদের একটি অংশও তাকে সহজ-সরল, জনবান্ধব এবং মেহনতি মানুষের প্রতিনিধি হিসেবে দেখছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে এলাকায় নতুন আশার প্রতীক হিসেবে পরিচিত করে তুলেছে।
তবে স্থানীয় রাজনৈতিক বাস্তবতায় তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। এলাকার প্রচলিত রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং ও নেতৃত্বের দ্বন্দ্বের পাশাপাশি নিজস্ব জনসমর্থন ধরে রাখা ও তা আরও বিস্তৃত করা তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের চাহিদা পূরণ, স্থানীয় উন্নয়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত স্বচ্ছ ইমেজকে গুরুত্ব দিয়েই তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে, রাঢ়ীখাল ইউপি নির্বাচনকে ঘিরে তরুণ প্রার্থী আশিকুল ইসলামের সরব উপস্থিতি তাকে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তবে চূড়ান্ত সাফল্যের জন্য মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ঐক্য এবং সাধারণ ভোটারদের সমর্থনই মূল ভূমিকা রাখবে।
