চুয়াডাঙ্গায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই রাখা, খোলা অবস্থায় মিষ্টি ফেলে রাখা ও খাবারে ব্যবহারের অনুপযুক্ত ক্ষতিকর রং মজুদের দায়ে ‘সৃষ্টি ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে আজ বড় বাজার এলাকার মিষ্টির কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মসলার বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালানো হয়। এ সময় বড় বাজারের মো. নাজিম উদ্দীনের মালিকানাধীন মেসার্স সৃষ্টি ডেইরির কারখানায় গিয়ে ফ্রিজে মেয়াদ পার হয়ে যাওয়া দই ও তৈরি মিষ্টি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া খাবারে ব্যবহারের অনুপযুক্ত কাপড়ের ক্ষতিকর রাসায়নিক রং মজুদের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে দ্রুত এসব অনিয়ম সংশোধন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাসি মিষ্টি-অনুপযুক্ত রং রাখায় মিষ্টির কারখানাকে জরিমানা
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান চলাকালে বড় বাজারের অন্য ব্যবসায়ীদেরও মূল্য তালিকা ঝুলিয়ে রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির জন্য সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
