ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ১২টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়—সে লক্ষ্যে নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন দপ্তর ও বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাহীদুর রহমান ওসমানী, ওএসপি, এনডিসি, পিএসসি, কমান্ডার, সদর দপ্তর ২১ পদাতিক ব্রিগেড; মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; জনাব আহমেদ আলী, জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, নির্বাচন কমিশন ও এনএসআই-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচন ও গণভোটের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং ভোটকেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
