চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনন্দধাম দক্ষিণপাড়ায় নির্মাণাধীন জামে মসজিদের অবকাঠামো উন্নয়নে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসিবুল হক (লিপু)। এর আগে একই মসজিদে তিনি একটি আধুনিক মাইক ও সাউন্ড সিস্টেম প্রদান করেন। এবং ইমাম-মুয়াজ্জিনের এক বছরের বেতনের দায়িত্বও পালন করেছেন বলে জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে আনন্দধাম দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হাসিবুল হক লিপুর পক্ষ থেকে মসজিদের উন্নয়ন তহবিলে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। তার সমর্থক ও অনুসারীরা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বাঁশের খুঁটির ওপর নির্মিত টিনশেডের অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে হাসিবুল হক লিপু মসজিদটি পরিদর্শন করেন এবং নির্মাণকাজে সহযোগিতার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, এটি হাসিবুল হক লিপুর প্রথম সহযোগিতা নয়। এর আগে তিনি মসজিদের জন্য একটি আধুনিক মাইক ও সাউন্ড সিস্টেম প্রদান করেন। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনের এক বছরের বেতনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তা পরিশোধও করেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত তার সমর্থকরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মসজিদসহ এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও হাসিবুল হক লিপু সাধারণ মানুষের পাশে থাকবেন।
অনুদান প্রদান শেষে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা হাসিবুল হক লিপুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
