জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল পবিত্র আশুরার সুমহান তাৎপর্য যথাযথভাবে অনুধাবন ও উপলব্ধি করে মুসলিম উম্মাহর সকলকে নিজ নিজ জীবনে সত্য ও ন্যায়ের শিখা প্রজ্জ্বলিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে জাকের পার্টির চেয়ারম্যান সত্য ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠার জন্য কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রাঃ) এবং তাঁর পরিবারবর্গ ও সঙ্গী-সাথীদের সুমহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, “সত্য চিরস্থায়ী। তাই আলোকিত ও অর্থবহ জীবন গঠনে কারবালার সুমহান আত্মত্যাগ বিশ্বাসীদের চিরকাল অনুপ্রাণিত করবে।”
চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী আশুরার আগের দিন সন্ধ্যায়, শুক্রবার, জাকের পার্টির অনুষ্ঠানমালা শুরু হবে।
জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-নেত্রী, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্ত থেকে পবিত্র আশুরার অনুষ্ঠান শুরু করবেন। মাগরিবের নামাজ আদায়ের পর ২ রাকাআত করে মোট ৬ রাকাআত নফল নামাজ ও মুনাজাত, পবিত্র ফাতেহা শরীফ পাঠ, মোরাকাবা-মোশাহাদা ও জিকির-আযকার, তিলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া পবিত্র আশুরা তথা কারবালায় হযরত ইমাম হোসাইন (রাঃ), তাঁর পরিবারবর্গ এবং সঙ্গী-সাথীদের সুমহান আত্মত্যাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
এদিকে, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল পবিত্র আশুরা উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশি পাক দরবার শরীফে অবস্থান করবেন।
বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র আশুরার অনুষ্ঠানমালা মাগরিবের নামাজ আদায়ের পর ২ রাকাআত করে মোট ৬ রাকাআত নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শুরু হবে। পরবর্তীতে ওয়াক্তিয়া নামাজ, রাতব্যাপী নফল ইবাদত-বন্দেগি, মোরাকাবা-মোশাহাদা, জিকির-আযকার, তিলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত এবং শোকাবহ কারবালার ঘটনা নিয়ে বয়ান অনুষ্ঠিত হবে।
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হবে।
এ সময় দেশ ও জাতি, মুসলিম উম্মাহ এবং সর্বোপরি শান্তিকামী বিশ্বমানবতার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হবে।
