চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে তিনটি মাটি ভর্তি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিজ হাসান (২৫), তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। তারা এসব মাটি উপজেলার ব্রেস্ট ব্রিকস ও হেড ব্রিকস ইটভাটায় নিয়ে যাওয়ার কথা জানান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “ভোররাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাশাপাশি এ কাজে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
