বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে মানবতা আজ চরম বিপর্যয়ের মুখে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেছেন, ভূ-রাজনৈতিক কারণে পরাশক্তিদের দৃষ্টি এখন বাংলাদেশের ওপর। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই মুহূর্তে জাতীয় ঐক্য অপরিহার্য।
শুক্রবার (১ মে) ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবের ওফাত দিবস স্মরণে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ২০০১ সালের ১ মে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ইন্তেকাল করেন। দিনটি জাকেরানদের কাছে গভীর শোক ও তাৎপর্যের সঙ্গে পালিত হয়ে আসছে।
মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, মুসলিম বিশ্ব আজ বিভক্ত ও ক্ষতবিক্ষত। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশবাসীকে সতর্ক থাকতে হবে। সবাই ব্যর্থ হলেও জাকের পার্টি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
