নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ছোট শিশুসন্তানকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছিলেন এক নারী। কিন্তু পরীক্ষা শুরু হলে শিশুটিকে কার কাছে রেখে হলে যাবেন, তা নিয়ে পড়েন দুশ্চিন্তায়। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পী। মায়ের পরীক্ষা নির্বিঘ্ন করতে তিনি শিশুটির দায়িত্ব নেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজে জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুলিশ কনস্টেবল শিল্পী সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন তিনি।
পরীক্ষা শুরুর আগে ওই নারী প্রার্থী ছোট শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন। পরীক্ষা শুরু হওয়ার পর শিশুটিকে দেখাশোনার মতো কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি। বিষয়টি নজরে পড়লে এগিয়ে আসেন কনস্টেবল শিল্পী।
তিনি শিশুটিকে কোলে নিয়ে পুরো পরীক্ষার সময় স্নেহ ও যত্নের সঙ্গে দেখাশোনা করেন। এতে নিশ্চিন্তে পরীক্ষার হলে যেতে পারেন শিশুটির মা। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিশুটিকে নিজের কাছেই রাখেন ওই পুলিশ সদস্য।
কনস্টেবল শিল্পী বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। পরে দেখি, একজন মা তার ছোট সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। শিশুটিকে দেখাশোনা করার কেউ ছিল না। তাই পুরো সময় শিশুটিকে আমার কাছে রেখেছি।’
ঘটনাটি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অনেকের নজর কাড়ে। দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যের এমন মানবিক আচরণের প্রশংসা করেন উপস্থিতরা।
তাদের মতে, একজন মা যাতে সন্তানের চিন্তায় পরীক্ষায় মনোযোগ হারিয়ে না ফেলেন, সেই ভাবনা থেকেই কনস্টেবল শিল্পীর এগিয়ে আসা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতার এমন আচরণ পুলিশের জনবান্ধব ভাবমূর্তিকেও আরও ইতিবাচকভাবে তুলে ধরে।
