চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া ও কালিদাসপুর দক্ষিণপাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর এলাকার মিয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২১) এবং কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে বাদল রশিদ (৩৪)-কে মাদক সেবনকালে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুই মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
