পদ্মা ও আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদী বেষ্টিত ফরিদপুর জেলায় বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং সেচ ও পানি ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনরত মোঃ রাকিব হোসেনের পেশাদারিত্ব, মাঠ পর্যায়ের তদারকি এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনায় স্থানীয় জনমনে ইতিবাচক সাড়া পড়েছে।
ফরিদপুরের কৃষি, জনপদ ও যোগাযোগ অবকাঠামো টিকিয়ে রাখতে নদী ভাঙন প্রতিরোধ ও বাঁধ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং চলমান প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে বর্ষা মৌসুমে সম্ভাব্য ভাঙনকবলিত এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি ও জিও ব্যাগ ডাম্পিংসহ স্থায়ী ও অস্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম সমন্বয়ে তার তৎপরতা প্রশংসিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের মতে, দাপ্তরিক কাজের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার চেষ্টা উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিচ্ছে। ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামো সুরক্ষিত থাকলে জেলার সার্বিক অর্থনীতি ও কৃষি উৎপাদন আরও শক্তিশালী হয়—এমন বাস্তবতাকে সামনে রেখে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই রক্ষণাবেক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, পানি উন্নয়ন বোর্ডের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে ফরিদপুরের নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের ভাঙন ও জলাবদ্ধতা সংক্রান্ত উদ্বেগ অনেকটাই কমে আসবে। এ লক্ষ্যে নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে দাপ্তরিক ও কারিগরি কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
