ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ানোসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সৌদি আরবের আশ্বাস

স্টাফ রিপোর্টার:
নভেম্বর 14, 2026 3:31 অপরাহ্ন
Link Copied!

42

বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি, অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে বরাদ্দ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির সরকারের বিভিন্ন উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

জবাবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে বরাদ্দ দেওয়া। কোনো দেশ নির্ধারিত হজ কোটা পূরণ করতে ব্যর্থ হলে বা সম্পূর্ণ কোটা ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এ সময় সৌদি মন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” একই সঙ্গে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি; অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম; সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন; জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন; কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশি হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি, হজ ও ওমরাহ ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং বাংলাদেশ-সৌদি আরবের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।