রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে নির্মম ভাবে পিতা ক্ষুণ হয়েছেন। হামলায় নিহত রেজাউল করিম (৬০) তিনি একজন স্কুল শিক্ষক। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত তার ছেলে রাকিবুল করিম (২৭), যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রাকিবুলের সঙ্গে তার মা-বাবার বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে রাকিবুল উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় কয়েকটি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর রাকিবুল দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
