চুয়াডাঙ্গায় বেকারীতে খাদ্য পণ্য উৎপাদনে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অপরাধের কারনে মৌসুমী ও অনন্যা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারীদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দৌলাতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তদারকির সময় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান,শহরতলী দৌলাতদিয়াড়ে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের কারখানায় তদারকি করার সময় বেকারীতে খাদ্য পণ্য উৎপাদন কাজে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারীতে খাদ্য পণ্য উৎপাদন করে আজ ২২ ফেব্রুয়ারীর তারিখ দেয়ার কারণে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ১ লাখ টাকা এবং তদারকিতে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনঃরায় নতুনভাবে প্যাকেটজাত করার বিষয়টি ধরা পড়ায় শহরের রেলবাজারে অবস্হিত অনন্যা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলা উৎপাদনের কারখানায় তদরাকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি পরিচালনা কাজে সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
